চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হালদা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ যুবকের নাম সাব্বির (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে হাটহাজারীর রামদাস মুন্সীর হাট এলাকার হযরত আবদুল করিম শাহ (রহঃ) এর বাৎসরিক ওরশ শরীফ থেকে ফেরার সময় নৌকায় থাকা কয়েকজন যাত্রীর সঙ্গে বাইরের একটি পক্ষের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে সাব্বির নদীতে পড়ে যান। নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির আর উঠতে পারেননি। নিখোঁজ সাব্বিরের বাড়ী পার্শ্ববর্তী রাউজান উপজেলার মইশকরম গ্রামে বলে জানা যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নৌপুলিশ ও থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিখোঁজ যুবককে উদ্ধারে নদীর সম্ভাব্য কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। এ সময় নদীর তীরবর্তী এলাকা থেকে একটি জ্যাকেট উদ্ধার করা হয়েছে, যা নিখোঁজ সাব্বিরের বলে স্বজনরা শনাক্ত করেছেন।
হাটহাজারী থানার এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে ডুবুরি দলের সংখ্যা বাড়ানো হবে।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ যুবকের পরিবার দ্রুত তাঁর সন্ধান পাওয়ার দাবি জানিয়েছে।